আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিষয়ক বিশেষজ্ঞ কমিটি।
রোববার (২ আগস্ট) ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় জুলাই মাসের আবহাওয়ার তথ্য-উপাত্ত পর্যালোচনা এবং আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম।
পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টে ঢাকায় ২৮০-৩২০ মিলিমিটার, ময়মনসিংহে ৩৪০-৩৮০ মিলিমিটার, চট্টগ্রামে ৪৮০-৫২০ মিলিমিটার, সিলেটে ৪৫০-৪৯০ মিলিমিটার, রাজশাহীতে ২৪০-২৬০ মিলিমিটার, রংপুরে ৩৫০-৩৯০ মিলিমিটার, খুলনায় ২৬০-৩০০ মিলিমিটার এবং বরিশালে ৩৮০-৪২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
এ মাসে সারাদেশে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। এর ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষি আবহাওয়া বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে, যা আমন ধানসহ চলমান কৃষি কার্যক্রমের জন্য সহায়ক হবে।
সভায় জানানো হয়, জুলাই মাসে সারাদেশে গড়ে ৬৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি। ময়মনসিংহ ছাড়া দেশের সব বিভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে সবচেয়ে বেশি, স্বাভাবিকের তুলনায় ৫১ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া জুলাই মাসে বঙ্গোপসাগরে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর মধ্যে দুটি নিম্নচাপে এবং একটি গভীর নিম্নচাপে রূপ নেয়। এসব আবহাওয়া ব্যবস্থার প্রভাবে মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় এবং দমকা হাওয়া বয়ে যায়। ৮ জুলাই চট্টগ্রামের আমবাগানে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।




Comments