আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করার পরিকল্পনা করছে সরকার। রোববার (৩০ আগস্ট) সকালে রংপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, “চলমান পাইলট কর্মসূচির ফলাফল এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক। এই ধারা অব্যাহত থাকলে ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা সম্ভব হবে। তবে পাইলট প্রকল্পে কোনো কারিগরি ত্রুটি ধরা পড়লে সময় কিছুটা পিছিয়ে যেতে পারে; সেক্ষেত্রে ওই শিক্ষাবর্ষের মধ্যেই কর্মসূচিটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।”
তিনি আরও জানান, এই কর্মসূচি নিয়ে আগামীকাল দিনাজপুরে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখান থেকে মাঠ পর্যায়ের আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বর্তমান প্রতিক্রিয়া অনুযায়ী আগামী বছরের শুরুতেই বড় পরিসরে কাজ শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শিক্ষার্থীর সংখ্যা হ্রাসের গুঞ্জন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, “শিক্ষার্থীর সংখ্যা কমছে না বাড়ছে—তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমাদের মূল লক্ষ্য হলো প্রতিটি শিশু বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং তারা মানসম্মত শিক্ষা পাচ্ছে কি না। প্রতিটি শিশুর বিদ্যালয়ে উপস্থিতি এবং সঠিক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের আপস করবে না।”
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো নিয়ে তিনি বলেন, অতীতে প্রয়োজনের তাগিদেই বিভিন্ন এলাকায় বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। বর্তমানে কোনো এলাকায় যদি নির্দিষ্ট কোনো বিদ্যালয়ের প্রয়োজনীয়তা না থাকে, তবে সেটি টিকিয়ে রাখার আবশ্যকতা নেই।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী পিটিআই প্রশিক্ষণার্থীদের আয়োজিত বিশেষ কর্মশালায় অংশগ্রহণ করেন এবং শিক্ষা মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
ডিআর




Comments