আগামী ৩ মাসের মধ্যেই ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী
রাজধানীর যানজট নিরসন ও নৌপথকে জনপ্রিয় করতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকার চারপাশের নদীগুলোতে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিআইডব্লিউটিএ বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে ঢাকার চারপাশে পুনরায় ওয়াটার বাস পরিচালনার কার্যক্রম শুরু করেছে। আশা করা যাচ্ছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই এই সেবা চালু হবে।”
মন্ত্রী বিগত ১০ বছরের হিসাব তুলে ধরে জানান, অতীতে এই ওয়াটার বাস সার্ভিস থেকে প্রায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে, যা বছরে গড়ে ৫ কোটি ৭০ লাখ টাকার মতো। তবে এবার নতুন করে পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনায় এই সার্ভিস সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নৌপথের নাব্য রক্ষা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের ৭ হাজার ৫০০ কিলোমিটার নৌপথের মধ্যে বর্তমানে ড্রেজিংয়ের মাধ্যমে ১ হাজার ২০০ কিলোমিটার সচল রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ নিয়মিতভাবে বিভিন্ন রুটের নাব্যতা রক্ষায় ড্রেজিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে নৌমন্ত্রী বলেন, “নদীগুলোর ৪২৪টি দূষণ স্পট চিহ্নিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বুড়িগঙ্গা, তুরাগসহ পাঁচটি নদী দূষণমুক্ত করতে একটি উচ্চপর্যায়ের সমন্বিত কমিটি গঠন করা হয়েছে। শিল্পবর্জ্য, কেমিক্যাল ও লিকুইড বর্জ্য যাতে নদীতে না পড়ে, সেজন্য পরিবেশ ও শিল্প মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।”
তিনি আরও জানান, এই বিশাল কর্মযজ্ঞে ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এবং পানিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তর একযোগে কাজ করছে। নদী দূষণমুক্ত করার পাশাপাশি পাড় সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়েছে।
ডিআর




Comments