বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ এবং সরকার ও সংশ্লিষ্টদের নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সিফাতের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট আলী নাসের খান, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি ও অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল। জামিন আবেদন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী আলী নাসের খান বলেন, “আমরা আদালতে যৌক্তিক কারণ দর্শিয়ে জামিন চেয়েছিলাম, কিন্তু আদালত তা মঞ্জুর করেননি।”
সিফাতের আইনজীবীদের দাবি, যে বিদ্যুৎ বিল ও সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যকে কেন্দ্র করে তাকে আটক করা হয়েছিল, তার কোনো উল্লেখ সংশ্লিষ্ট মামলার এজাহারে নেই। তারা অভিযোগ করেন, সিফাতকে একটি পুরনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। সিফাত জাতীয় নাগরিক পার্টির সক্রিয় কর্মী এবং ইনকিলাব মঞ্চের সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানান তার আইনজীবীরা।
অন্যদিকে মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় এবং আইনি প্রক্রিয়া বিবেচনা করে আদালত জামিন নামঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকৈর এলাকার বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে পুলিশ। পরে তাকে একটি পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
এদিকে, সিফাতের উত্থাপিত অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে তদন্ত করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তাদের তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিফাতের বাসার তিনটি মিটারের বিল প্রস্তুতিতে কোনো অনিয়ম বা অতিরিক্ত বিলের প্রমাণ পাওয়া যায়নি।
কারাগারে সিফাতের সঙ্গে সাক্ষাৎ শেষে তার আইনজীবী জানান, সিফাত তার ভিডিওতে ব্যবহৃত ভাষার জন্য অনুতপ্ত হলেও বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের যৌক্তিকতায় অনড় রয়েছেন।
ডিআর




Comments