Image description

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজি, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) এবং সিএনজি চালক কবির মাল।

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা সিএনজিটি সেটিকে ধাক্কা দেয়। পরে সিএনজিটি সড়কের পাশে থাকা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে।

এ সময় সিএনজির চালক ও যাত্রীরা ছিটকে পড়ে চারজন আহত হন। ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মোহর আলী মারা যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সিএনজি চালক কবির মালকে মৃত ঘোষণা করেন। আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস