মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে জীবন দিয়ে হলেও প্রতিরোধ গড়বে মুসলিমরা: ধর্মমন্ত্রী
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি যেকোনো ধরনের হুমকি বা হামলার অপচেষ্টা হলে বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে জীবন দিয়ে হলেও তা প্রতিরোধ করবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, "পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান। এই দুই পবিত্র নগরী সমগ্র মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। সেখানে যেকোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।"
মক্কা ও মদিনার দুই সম্মানিত ইমামের সাম্প্রতিক বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তিনি বলেন, "পবিত্র আল-হারামাইনের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর যৌথ দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে সব ধরনের আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্ব মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।"
ধর্মমন্ত্রী আরও যোগ করেন, "বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রশ্নে সর্বদা আপসহীন। আমরা বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে নিজেদের ভেদাভেদ ভুলে এক পতাকাতলে আসার আহ্বান জানাই, যেন যৌথ প্রচেষ্টায় মক্কা-মদিনার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব হয়।"
বিবৃতিতে তিনি মহান আল্লাহর দরবারে পবিত্র দুই নগরীর নিরাপত্তার পাশাপাশি পুরো মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করেন।
ডিআর




Comments