Image description

চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টায় অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা এবং কোথাও কোথাও ভূমিধসের চরম আশঙ্কার কথা জানিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া ভারি বর্ষণের সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (ভারি) এবং ৮৮ মিলিমিটারের বেশি (অতিভারি) বৃষ্টিপাত হতে পারে। প্রধানত এই অতিভারি বৃষ্টির কারণেই এসব পাহাড়ি জেলায় ভূমিধস ও নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরির ঝুঁকি রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এটি মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় হলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় টেকনাফে দেশের সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

ডিআর