ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত, ভিত্তিহীন ও অবাস্তব ষড়যন্ত্র তত্ত্ব। ব্রাজিলের বিভিন্ন অনলাইন ফোরাম ও টিকটক থেকে জন্ম নেওয়া এই গুজবে দাবি করা হচ্ছে, রহস্যজনক পরিস্থিতিতে নিখোঁজ বা নিহত হয়েছেন ভিনিসিয়ুস, আর তাঁর জায়গায় মাঠে নামানো হয়েছে এক 'ডুপ্লিকেট' বা হুবহু নকল মানুষকে!
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এসব পোস্টের একটিতে দাবি করা হয়, বিজ্ঞাপনদাতাদের বিপুল অঙ্কের চুক্তি টিকিয়ে রাখতেই নাকি এই ক্লোন বা নকল খেলোয়াড় নামানো হয়েছে। এমনকি আরও এক ধাপ এগিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের এক অংশ ষড়যন্ত্র তত্ত্ব আউড়ে দাবি করছে—বিশ্বকাপের পর সিআইএ (CIA), বিশ্বখ্যাত ধনী রথসচাইল্ড পরিবার এবং বিশ্বের প্রভাবশালী 'এলিট' শ্রেণি ভিনিসিয়ুসকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করেছে অন্য কাউকে।
সমালোচকদের অদ্ভুত যুক্তি, সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ ও অনুশীলনে যাকে দেখা গেছে, তাঁর উরুতে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময়ের মতো পরিচিত ট্যাটু ছিল না! ভিনিসিয়ুসের মুখাবয়বে আসা সামান্য কিছু নান্দনিক পরিবর্তনকে পুঁজি করে অনলাইনে ভুয়া জল্পনা-কল্পনার আগুনে ঘি ঢালা হচ্ছে।
এমনকি ইন্টারনেট দুনিয়ার এই অদ্ভুত গুজবকে রূপকথার গল্পে রূপ দিয়ে কেউ কেউ দাবি করেছেন, ভিনিসিয়ুস ও সহকর্মী নেইমারকে অপহরণ করতে নাকি 'রেপটিলিয়ান এলিয়েন' বা মহাজাগতিক প্রাণীরা আক্রমণ চালিয়েছিল! ভিডিও বানিয়ে ভো বাহিয়ানা নামের এক কথিত 'ভবিষ্যদ্বক্তা' মায়ামির মাঠে এলিয়েনদের মহাকাশযান এসে ভিনিসহ হাজার হাজার মানুষ তুলে নেওয়ার স্বপ্নের গল্পও ফেঁদে বসেছেন, যা সম্পূর্ণ রূপকথা ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব অতিপ্রাকৃত, কাল্পনিক ও আজগুবি 'ফেক নিউজ'কে অবশ্য বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের পরিবার, তাঁর ঘনিষ্ঠ মহল কিংবা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
ডিআর




Comments