Image description

কোনো দেশের সঙ্গে শর্তসাপেক্ষে নয়, বরং পারস্পরিক সমতা, সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ আগ্রহী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে শ্রদ্ধা জানান রিজভী।

রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই বিশ্বের সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। তবে কোনো শর্তের বিনিময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠতে হবে। বাংলাদেশের সরকারও এই নীতির ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে বলে জানান তিনি।

রিজভীর ভাষায়, কোনো দেশের সঙ্গে সম্পর্কের আড়ালে বিশেষ কোনো শর্ত থাকলে সেটিকে প্রকৃত বন্ধুত্ব বলা যায় না। প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করার মাধ্যমেই টেকসই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, কোনো ধরনের স্বার্থ বা শর্ত ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণভাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানালে সরকার তা স্বাগত জানাবে। তবে সম্পর্কের পেছনে কোনো বিশেষ স্বার্থ বা শর্ত থাকলে বাংলাদেশ তা মেনে নেবে না।

তিনি বলেন, ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে। এ সময় বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন বলেও আশা প্রকাশ করেন রিজভী।

কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম আর এ