ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান সরকার দেশকে অত্যন্ত খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। দুর্নীতির ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি মন্তব্য করেছেন, "মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।"
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও আমরা তা মেনে নিয়েছিলাম। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে। এর প্রধান কারণ হিসেবে তিনি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতির কথা উল্লেখ করেন।
জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে তিনি বলেন, "জামায়াত তাদের লোগো থেকে 'আকিমুদদ্বিন' কথাটি উঠিয়ে দিয়েছে, ফলে সেখানে ইসলামের আর কোনো চিহ্ন নেই। গত নির্বাচনের ইশতেহারেও তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেনি। এমনকি জামায়াতের আমির বলেছিলেন—তারা শরিয়া নয়, বরং প্রচলিত আইনে দেশ চালাবেন। এসব বিবেচনায় জামায়াতকে আর ইসলামী দল বলা যায় না।"
জামায়াতের দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে তিনি আরও বলেন, "বিদ্যুতের দাবিতে লংমার্চ করে আবার সংসদে গিয়ে তাদের আমির বলেন—বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ করার অর্থ কী?"
বিএনপির সমালোচনা করে মুফতি রেজাউল করীম বলেন, "বিএনপি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না। কিন্তু তারা সেই কথা রাখছে না। ইতিমধ্যে সংসদে তারা শরিয়াবিরোধী আইন অনুমোদন দিয়েছে।" বিএনপি যদি এই পথ থেকে ফিরে না আসে, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কঠোর প্রতিবাদে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ডিআর




Comments