Image description

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। তাই নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ