বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খানের মূল কাজই হচ্ছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা বলা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর একটি কনভেনশন সেন্টারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
একই দিনে রংপুরে এসে ১১ দলীয় ঐক্য জোট বা বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান লংমার্চ ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে সমালোচনা ও অভিযোগ তোলেন রাশেদ খান।
তাঁর ওই মন্তব্যের সূত্র ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিবির সভাপতি বলেন, "রাশেদ খান বিশেষ কোটায় সহকারী হয়েছেন। তাঁর এই পদের আসল কাজ কী, তিনি নিজেও হয়তো বলতে পারবেন না। তাঁর একমাত্র দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে জামায়াত ও শিবিরের বিরুদ্ধে কথা বলা এবং ভালো কাজকেও নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা।"
বিরোধী দলগুলোর দেশব্যাপী লংমার্চ ও কর্মসূচির বিষয়ে স্পষ্টতা তুলে ধরে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শুধু জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে এই আন্দোলন নয়। ৭ দফা দাবির মধ্যে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন, প্রশাসন, সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের অবসান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
লংমার্চে জ্বালানি তেল অপচয়ের সমালোচনার জবাবে তিনি বলেন, মূল প্রতিবাদ ও ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরাতেই জ্বালানি তেল নিয়ে কাল্পনিক অজুহাত দাঁড় করানো হচ্ছে। জনগণ নিজস্ব অর্থায়নে স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশ নিচ্ছে। ১১ দলীয় ঐক্যের এই আন্দোলনে ছাত্রশিবির পূর্ণ সমর্থন দিচ্ছে বলেও জানান তিনি।
বক্তব্যে নির্বাচন ও বর্তমান রাজনীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিএনপি ও আওয়ামী লীগের গোপন সমঝোতার অভিযোগ তোলেন শিবির সভাপতি। তাঁর রাজনৈতিক বিশ্লেষণ অনুযায়ী, নির্বাচনের আগে দুই দলের মধ্যে সমঝোতা হয়েছিল এবং আওয়ামী লীগের সহায়তায় বিএনপি বাড়তি রাজনৈতিক সুবিধা পেয়েছে।
রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত মৌলিক পরিবর্তনের জন্য ছাত্রশিবির রাজপথে থাকবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও চার্টার অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, রংপুর মহানগর ছাত্রশিবির সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারি সাজ্জাদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিব মুরাদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ডিআর




Comments