ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবুল হোসেন (৭১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় ঘাটাখালী নদীর সেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন গোয়ালবাথান এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাবুল হোসেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় বলে স্থানীয়রা জানান।
পরে স্থানীয়রা আহত বাবুল হোসেনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হয়েছেন। মোটরসাইকেলটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএ




Comments