রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির মধ্যেই এবার যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড় এলাকায় বিকট শব্দে এই ককটেলগুলো বিস্ফোরিত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, যাত্রাবাড়ী এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে—এমন প্রশ্নের জবাবে ওসি জানান, ঘটনার নেপথ্যে থাকা দুষ্কৃতকারীদের শনাক্ত করতে পুলিশি অনুসন্ধান ও সিসিটিভি ফুটেজ যাচাইয়ের কাজ চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবারও রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার, মহাখালী ও আগারগাঁওসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ এবং মিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। টানা এসব নাশকতামূলক কর্মকাণ্ডের মুখে পুরো রাজধানী জুড়ে কড়া নজরদারি ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে ডিএমপি।
ডিআর




Comments