রাজধানী ঢাকায় আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক ঘটনা ঘটতে শুরু করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে দুটি এবং বাড্ডায় একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। একই সময়ে যাত্রাবাড়ীতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে 'শিকড় পরিবহন'-এর একটি চলন্ত বাসে আগুন লাগে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, প্রায় একই সময়ে মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় 'অভিজাত পরিবহন'-এর আরেকটি বাসে আগুন লাগলে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত আগুন নেভানো হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাত ৮টার দিকে রাজধানীর মধ্য বাড্ডায় একটি গাড়ির গ্যারেজের সামনে পার্কিং করে রাখা 'আলিফ পরিবহন'-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পেছনের অংশে আগুন দিয়ে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন দ্রুত তা নিভিয়ে ফেলেন।
এদিকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে বিকট শব্দে পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের ঘটনায় মো. বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশনস) খালিদ হাসান বিস্ফোরণ ও রিকশাচালক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। নাশকতায় জড়িতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ডিআর




Comments