Image description

সিলেটের বিশ্বখ্যাত দরগাহ হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও তাবারক রান্নার ডেগ থেকে চার মাসের ব্যবধানে এবার রেকর্ড ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি স্বর্ণালঙ্কার এবং ১৫টি দেশের মুদ্রা পাওয়া গেলেও গণনার সময় উদ্ধার হওয়া ‘খোকন মামু’কে উদ্দেশ্য করে লেখা একটি রহস্যময় চিরকুট নিয়ে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পাঁচটি দানবাক্স ও তিনটি ডেগের তালা খুলে চতুর্থবারের মতো এই অর্থ গণনার কাজ শুরু হয়।

টাকা গণনাকালে একটি দানবাক্স থেকে উদ্ধার হওয়া চিরকুটটিতে একটি হৃদয়ের (হৃদয়চিহ্ন) ছবি এঁকে লেখা রয়েছে— "বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না।" একই সাথে চিরকুটে লেখা ছিল, "আলম খাঁন মুক্তি, আবুল কাশেম, মিসবা উদ্দিন সিরাজ, আফতাব হোসেন তাদের অন্তরের মায়ার মানুষ খোকন মামু।"

চিরকুটের শেষে 'মামুজী' সম্বোধন থাকলেও এটি কে লিখেছেন বা উল্লেখিত ‘খোকন মামু’র রাজনৈতিক পরিচয় ও বর্তমান অবস্থা কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

টাকা গণনার কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ সিসিক ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

গণনা শেষে হিসাব করে জানা যায়, নগদ অর্থের পাশাপাশি দানবাক্সে ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ পাওয়া গেছে। এ ছাড়াও উদ্ধার হওয়া বৈচিত্র্যময় বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৫ পাউন্ড, যুক্তরাষ্ট্রের ৮ ডলার, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, সৌদি আরবের ৯৯ রিয়াল, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, ইউরো, ওমানি বায়সা, দুবাই দিরহাম, কাতারি রিয়াল ও চাইনিজ ইউয়ানসহ বিপুল বৈদেশিক ক্যাশ।

এর আগে গত ১৫ আগস্ট মাজারের দান বাক্সগুলো খোলা হলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গিয়েছিল। প্রতিবছরই দেশ-বিদেশের লাখো ভক্ত ও দর্শনার্থীর দানকৃত অর্থ নির্দিষ্ট সময় পরপর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খোলা ও গণনা করা হয়।

ডিআর