পীরগঞ্জে 'স্বামী পছন্দ না হওয়ায়' কিশোরী গৃহবধূর আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সুমাইয়া আক্তার (১৬) নামে এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া সেনুয়া গ্রামের সুয়েলের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে সুমাইয়ার বিয়ে হয়। ভাদ্র কাটানি উপলক্ষে কয়েক দিন আগে তিনি বাবার বাড়িতে আসেন। শুক্রবার তার স্বামীর বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। এ উপলক্ষে পরিবারে মাংস রান্নাও করা হয়েছিল।
দুপুরের দিকে পরিবারের সদস্যরা একটি বিয়ের দাওয়াতে যান। সেখান থেকে ফিরে এসে ঘরের তীরের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় সুমাইয়াকে দেখতে পান স্বজনেরা। পরে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোমরাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, অল্প বয়সে বিয়ে হওয়ায় সুমাইয়া স্বামীকে পছন্দ করতেন না। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত নয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে।
এসএ




Comments