দুর্গাপূজাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির বিজেপি ও আরএসএসের এজেন্ডা অনুযায়ী কাজ করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আব্দুল কাদের লেখেন, শিবির বুঝে হোক বা না বুঝে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময়ে এসে বিজেপি-আরএসএসের এজেন্ডা অনুযায়ী কাজ করছে।
তিনি উল্লেখ করেন, গত সোমবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মন্দির প্রাঙ্গণে গরুর মাংস রান্না এবং রান্নার কাজে মন্দিরের পরিত্যক্ত ইট ব্যবহারের ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে দূরদর্শী উল্লেখ করে আব্দুল কাদের লেখেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের একটি মহল সবসময়ই নেতিবাচক প্রচেষ্টা চালায়। ভারতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবার সেই প্রচেষ্টা আরও জোরালো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে উল্লেখ করে তিনি বলেন, এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে শিবির গরু খাওয়াকে কেন্দ্র করে সংঘাতের পরিস্থিতি তৈরি করেছে।
পোস্টের শেষাংশে আব্দুল কাদের বলেন, মন্দিরের সামনে গরুর মাংস রান্না এবং মন্দিরের ইট ব্যবহারের ঘটনার পর অনুতপ্ত হওয়া ও পূজার সময়ে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সহযোগিতা করার কথা ছিল। কিন্তু এর বিপরীতে শিবির পরিস্থিতি জটিল করেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি শিবিরকে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
এনএ




Comments