Image description

সমর্থক ও শীর্ষ সহযোগীদের ওপর একের পর এক মামলা, তদন্ত, অনেকের দল ছেড়ে চলে যাওয়ার ঘোষণায় তুমুল চাপে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাষ্ট্রীয় কর্মকর্তাদের শিগগিরই তার সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা।

গত বছর ক্ষমতা হারানোর পর থেকেই সেনাবাহিনীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ইমরান। যে অনাস্থা ভোটে তিনি পরাজিত হন, তার পেছনে সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের ষড়যন্ত্র ছিল বলে তখন থেকেই অভিযোগ করে আসছিলেন। সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করছে।

চলতি মাসের শুরুর দিকে ইমরানকে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতারের পর দেশজুড়ে সহিংসতা বাধলে সেনা-ইমরান বিবাদ চরম আকার ধারণ করে। ‘আমি আলোচনায় বসতে অনুরোধ করছি, কেননা যা হচ্ছে তা কোনো সমাধান নয়,’ পাকিস্তান অরাজক পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে সতর্ক করে শুক্রবার ইউটিউবে সরাসরি সম্প্রচারিত এক বক্তৃতায় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইমরান বলছেন, তাকে দুর্বল করতে, তার দলকে ভেঙে দিতে যে চাপ সৃষ্টি করা হয়েছে, তার ফলে বাধ্য হয়েই অনেকে দল ছাড়ছেন।