পপি গাছ দেখতে বেশ নয়নাভিরাম। তবে দেখতে সুন্দর হলেও পপি চাষ বাংলাদেশের আইনে নিষিদ্ধ। কারণ এই ফুলের রস থেকেই তৈরি হয় আফিম, হেরোইন ও মরফিনের মতো ভয়ংকর সব মাদক। এবার ঢাকা জেলার মানিকগঞ্জের শিবালয়ে ৫ শতক কৃষিজমিতে চাষ করা হচ্ছে এই নিষিদ্ধ পপি গাছ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা নামক স্থান থেকে পপি গাছ জব্দ করা হয়।
এ সময় ৯ হাজার ৮২০টি পপি গাছসহ স্থানীয় জাবেদ খানের ছেলে কৃষক নুরুল খানকে (৪৫) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভুট্টা ক্ষেতের মাঝে লুকিয়ে আফিমের চাষ করছিলেন তিনি।
স্থানীয়রা জানায়, এখানে যে পপি চাষ হয় তা আগে জানতে পারিনি। এখন জানতে পারলাম এটা ভয়াবহ মাদক আফিম। এ ধরনের ভয়াবহ মাদক যারা চাষ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি জানে আলম জানান, আমরা আগে কখনও পপি চাষ করতে দেখিনি। গতরাতে ডিবি পুলিশের মাধ্যমে জানতে পেরেছি এখানে আফিমের চাষ হচ্ছে। এখন এগুলো সমূলে ধংস করা হচ্ছে।
জেলা ডিবি পুলিশের এসআই রিপন নাগ জানান, রবিবার সকালে কৃষক নূরুল ইসলামকে আটক করা হয়। এরপর তার ক্ষেত থেকে প্রায় ৩০ হাজার আফিমের গাছ কেটে ফেলা হয়েছে। নূরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে।
জেলা গোয়েন্দা পুলিশ ইনচার্জ আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পপি গাছসহ নুরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শিবালয় থানায় ১টি মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার করা আফিম গাছগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে বলে তিনি জানান।
মানবকণ্ঠ/এফআই




Comments