Image description

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বাজে মন্তব্য ও নেতিবাচক প্রতিক্রিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে তিনি কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার এবং ডিপফেইক বৃদ্ধির বিষয়ে সচেতনতামূলক বার্তা দিয়েছিলেন, তবে এবারের বিষয়টি ভিন্ন। অভিনেত্রী এবার সরাসরি নেটিজেনদের অশ্লীল ভাষা ও মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন।

শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে মেহজাবীন লিখেছেন, "কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।"

পোস্টের শেষে মেহজাবীন প্রশ্ন রেখে বলেন, "এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?"

অভিনেত্রীর এই পোস্টের পর নেটিজেনরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখালেও, মন্তব্যঘর বন্ধ থাকায় কোনো মন্তব্য দেখা যায়নি।