Image description

এক সময় সুমিষ্ট আম উৎপাদনের জন্য পরিচিত উত্তরবঙ্গের রাজশাহী পুঠিয়া এখন কলা চাষেও কৃষকদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্বল্প পরিশ্রম ও তুলনামূলক কম সারে মানসম্মত কলার ফলন হওয়ায় শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে সকলেই এখন কলা চাষে ব্যস্ত। রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন গ্রামে চাপা কলা, অনুপম কলা, সাগর কলা, জ্বীন কলা, আনাজী কলাসহ বিভিন্ন জাতের কলার চাষ হচ্ছে।

উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি গ্রামের নুরুল হুদা জানান, এ বছর তিনি সাত বিঘা জমিতে রঙিন সাগর কলা চাষ করে প্রায় চৌদ্দ লক্ষ টাকা পেয়েছেন এবং তার এই ফলনে তিনি সন্তুষ্ট। 

বানেশ্বর হাটের পাইকারি কলা ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, এ বছর কলার আমদানি গত বছরের চেয়ে অনেক বেশি হওয়ায় তাদের বিক্রি বেড়েছে এবং ব্যবসায় ভালো লাভ হয়েছে।

কলা চাষের প্রতি আগ্রহের কারণ হিসেবে কৃষক ইউসুফ বলেন, এক বিঘা জমিতে বিভিন্ন জাতের কলা চাষে নিজস্ব জমি হলে ৩৫ থেকে ৫০ হাজার টাকা এবং লিজকৃত জমি হলে প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়। এতে লভ্যাংশ থাকে ৮০ হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত। অন্যান্য ফসলে অতিরিক্ত লেবার খরচ ও শারীরিক পরিশ্রম বেশি হওয়ায় কলা চাষ কৃষকদের কাছে অধিক সুবিধাজনক বলে বিবেচিত হচ্ছে।

পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী দাস জানান, এ বছর পুঠিয়া উপজেলায় প্রায় আটশত হেক্টর জমিতে বিভিন্ন জাতের কলা চাষ হয়েছে। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণের সহযোগিতায় কলার ভালো ফলন হয়েছে এবং কলার দাম ভালো পাওয়ায় কৃষকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।