Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসানকে লোহার পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রাশেদুল ইসলাম জানান, তিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। স্থানীয় আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, জাকির হোসেন, জয়নাল, সুখেনসহ কয়েকজনের বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ প্রকাশের পর তারা ক্ষিপ্ত হন। ৫ আগস্টের পর আফজাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করলেও সংবাদ প্রকাশ অব্যাহত ছিল।

রবিবার সকালে রাশেদুল ইসলাম তার সহকর্মী নাজমুল হাসানকে নিয়ে দক্ষিণবাগ এলাকায় জমি দেখতে গেলে অভিযুক্ত আফজাল হোসেন, জাকির হোসেন, জয়নাল, সুখেনসহ অজ্ঞাত ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে দুজনকে আহত করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রাশেদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত আফজাল হোসেনকে (দক্ষিণবাগ এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে) গ্রেপ্তার করেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ঘটনায় মামলা রুজু হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

এ ধরনের হামলা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে বলে স্থানীয় সাংবাদিক মহলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।