জামায়াত-এনসিপির যৌথ সংবাদ সম্মেলন
ভোটারদের ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে আচরণবিধি লঙ্ঘন করছে
জোট সিদ্ধান্ত লঙ্ঘনের অভিযোগ তুলে জামায়াতের ইসলমীর প্রার্থীর পক্ষে প্রচারণা স্থগিত করা দুদিন পর জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় যৌথ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে জুবাইরুল আলম মানিক বলেন, 'আমাদের সংবাদ সম্মেলনটি ছিলো চট্টগ্রাম-৮ আসনে জোটের সিদ্ধান্তের টানাপোড়েন নিয়ে, এটির সাথে চট্টগ্রাম-১৩ অর্থাৎ আনোয়ারা-কর্ণফুলীর সাথে কোনো সম্পর্ক নেই। আমরা বিভ্রান্তি না ছড়ানোর জন্যই গত সংবাদ সম্মেলনে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলাম।'
তিনি অভিযোগ করে বলেন, একটি দল বিভিন্নস্থানে আচরণ বিধি লঙ্ঘন হয় এমন রঙিন ব্যানার-পোস্টার টাঙানোসহ ভোটারদের ফ্যামিলি কার্ডের প্রলোভনও দেখাচ্ছে। যা প্রশাসন দেখেও না দেখার মত করে রয়েছেন।
এসময় ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, 'বিষয়টি নিয়ে আমরা বিব্রত নয়। আমার ৫ ছেলের মধ্যে এক ছেলে অভিমান দেখিয়ে ভাত না খেতে পারে। আমরা এটাকে স্বাভাবিকভাবে নিয়েছি। এখন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার আব্দুল গণি, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মুনির আফসার চৌধুরী, এনসিপির আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী জাফরুল ইসলাম চৌধুরী প্রমূখ।
উল্লেখ্য, গত শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে আনোয়ারা উপজেলায় ১১দলীয় জোটের প্রার্থীর প্রচারণা কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চাঁদগাঁও) আসনে জোটের সিদ্ধান্ত লঙ্ঘনের অভিযোগ এনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।




Comments