নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোস্তাকিম মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে এরশাদ গ্রুপ ও হানিফ মাস্টার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ভোরের দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের একাধিক ব্যক্তি আহত হলেও প্রাথমিকভাবে আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।
সংঘর্ষের সময় মোস্তাকিম মিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কিশোর কোনো গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিল না বলে দাবি করেছে তার পরিবার।
নিহতের মা শাহানাজ বেগম জানান, সকাল ছয়টার দিকে তিনি ঘুম থেকে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাড়ির পাশের সড়ক থেকে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার ছেলে মোস্তাকিম গুলিবিদ্ধ হয়।
তিনি আরও জানান, তার স্বামী মাসুদ মিয়া প্রবাসে থাকেন। তিন ছেলের মধ্যে বড় ছেলে বিদেশে কর্মরত এবং ছোট ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। পরিবারটি কোনো রাজনৈতিক বা সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত নয় বলে দাবি করে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল বরণ ঘোষ বলেন, গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাকিমকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে।
রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
মানবকণ্ঠ/আরআই




Comments