কুষ্টিয়া সদর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িকভাবে বন্ধ করেছে মেটা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পেজটি অপসারণ করা হয়। পেজটিতে প্রায় ৬ লাখ ৩৯ হাজার অনুসারী ছিলেন।
মুফতি আমির হামজার আইটি টিম জানায়, এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়। বরং গত কয়েকদিন ধরে সংঘবদ্ধভাবে পরিচালিত ভুয়া কপিরাইট স্ট্রাইক, মিথ্যা অভিযোগ ও ধারাবাহিক রিপোর্টিংয়ের মাধ্যমে একটি পরিকল্পিত সাইবার হামলা চালানো হয়েছে। তাদের দাবি, জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসায় ঈর্ষান্বিত একটি চিহ্নিত মহল এ ঘটনার পেছনে জড়িত।
আইটি টিম আরও জানায়, একটি ফেসবুক পেজ বন্ধ করা গেলেও মানুষের হৃদয় থেকে মুফতি আমির হামজাকে সরানো সম্ভব নয়। পেজটি পুনরুদ্ধারে মেটা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ জমা দেওয়া হচ্ছে।
এ সময় তারা অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানান এবং ধৈর্য ও সচেতনতা বজায় রাখার অনুরোধ করেন। আইটি টিম আশা প্রকাশ করে, ইনশাআল্লাহ সত্যের জয় হবেই।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ রাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছে মুফতি আমির হামজার আইটি টিম।
মানবকণ্ঠ/আরআই




Comments