ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম, চালু হলো আইভ্যাকের নতুন সিস্টেম
ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কার্যক্রম শুরু হয়েছে।
আইভ্যাক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে নতুন সিস্টেমে সাইনআপ কার্যক্রম চালু করা হয়। একই দিন সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের সুযোগ দেওয়া হয়।
নতুন নিয়ম অনুযায়ী, বর্তমানে ৮ ফেব্রুয়ারির জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাচ্ছে। এখন থেকে পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে বুক করা যাবে। তবে স্লট পেতে হলে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট দিনের বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রক্রিয়া শেষ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।
এর আগে আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের লিংক অফিসিয়াল আইভ্যাক ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আগামী রবিবারসহ পরবর্তী সব তারিখের অ্যাপয়েন্টমেন্ট এই সিস্টেমের মাধ্যমেই নিতে হবে।
আইভ্যাক কর্তৃপক্ষ আবেদনকারীদের জাল বা অবৈধ অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সাইনআপের সময় ভিসা আবেদনে ব্যবহৃত ইমেইল ঠিকানা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
সাইনআপ প্রক্রিয়ায় একটি ওটিপি ইমেইলের মাধ্যমে এবং আরেকটি এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। ইমেইল ও মোবাইল নম্বর যাচাই শেষে সাইনআপ সম্পন্ন করতে হবে। এরপর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলে আবেদনকারীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে।
সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পুনরায় লগইন করে পরবর্তী দিনের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্বাচন করতে হবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments