Image description

হবিগঞ্জের নবীগঞ্জে টিটু দাস (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত টিটু দাস ওই গ্রামের মৃত নরেশ দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নিজ ঘরের ভেতরে টিটুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এলাকাবাসী ও স্বজনরা জানান, টিটু দাস দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ বিষয়ে তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।”

মানবকণ্ঠ/ডিআর