Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন জোটের প্রধান দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা-১১ আসনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। দেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী হলেও অতীতের নেতৃত্বে সততা ও দায়িত্ববোধের অভাব ছিল। দুর্নীতিমুক্ত থাকার শপথ না থাকায় দেশ এগোতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, তরুণদের হাত ধরেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে—এই প্রত্যাশা তাদের। যুবসমাজ হতাশ করবে না বলেই বিশ্বাস করেন তিনি।

নাহিদ ইসলাম প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা-১১ আসনে দুইজন প্রার্থী রয়েছেন, যাদের সবাই চেনেন। নাহিদ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা এই এলাকাতেই—এ কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। ইনসাফভিত্তিক বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর রহমতে অর্জিত হলে, সেই সরকারে নাহিদ ইসলামকে অবশ্যই মন্ত্রী হিসেবে দেখা যাবে—এমন আশ্বাস দেন তিনি।

মানবকণ্ঠ/আরআই