ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঘোষিত সাধারণ ছুটিতে সংশোধনী এনেছে সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক।
সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সারাদেশে সরকারি ছুটি থাকবে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য চলতি মাসের ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও বহাল থাকবে।
তবে শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ঘোষিত বিশেষ ছুটির ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারির পর সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে।
এর আগে ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, যেসব কারখানা ১০ ফেব্রুয়ারির ছুটি কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে শ্রমিকদের দিয়ে একদিন অতিরিক্ত কাজ করিয়ে সেই ছুটি সমন্বয় করতে পারবে।
বিজিএমইএর আবেদনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।
এদিকে পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
মানবকণ্ঠ/আরআই




Comments