ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০০ বছর বয়সী দুধ মিয়া প্রথম ভোট দিয়ে দিনের কার্যক্রমের সূচনা করেন। তিনি পুরুষ ভোটকক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
একই সময়ে ওই কেন্দ্রের মহিলা ভোটকক্ষে প্রথম ভোট দেন মাজেদা বেগম (৪১)। বয়সের ভার ও কর্মব্যস্ততা পেরিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কেন্দ্রটিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শতবর্ষী ভোটার প্রথম ভোট দিয়েছে কেন্দ্রে। আমরাও এতে খুশি।
তিনি আরো জানান, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৮৭ জন এবং মহিলা ভোটার ১ হাজার ৮৩১ জন।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৪০ জন এবং নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৭৩১ জন। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন।




Comments