চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিরা হলেন–ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান (২০), জেনারুল ইসলামের ছেলে মিনহাজ (২২) ও একই উপজেলার রানীহাটি-উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাতে বোমা বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কেলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ এই কর্মকর্তা আরও জানান, যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সেটিও আংশিকভাবে ভেঙে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।




Comments