Image description

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ছানোয়ারা বেগম (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাত করে নির্জন জঙ্গলে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার একটি জঙ্গলে এই নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছানোয়ারাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, ভুক্তভোগীর শরীরে গভীর ক্ষত থাকায় তার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে পৌঁছানোর পরপরই তাকে অস্ত্রোপচার কক্ষে (ওটি) নেওয়া হয় এবং সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আহত ছানোয়ারা বেগম চরপাথরঘাটা ইউনিয়নের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। তিনি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে এবং আগের সংসারে তার দুটি সন্তান রয়েছে। অভিযুক্ত স্বামী হাবিবুর রহমান (২৭) ফরিদপুর জেলার বাসিন্দা। গত ছয় মাস ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল না এবং সম্প্রতি ছানোয়ারা তাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও ক্ষোভের জের ধরে হাবিবুর রহমান এই হামলা চালিয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, "খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীকে হাসপাতালে পাঠাতে সহায়তা করেছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মানবকণ্ঠ/আরআই