Image description

পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম খান কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পটুয়াখালী কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় শুক্রবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শফিক খান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া জানান, শফিকুল ইসলাম খান একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন এবং তার হার্টে রিং পরানো ছিল।

নিহত শফিকুল ইসলাম দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মো. হাবিবুর রহমান খানের ছেলে। পরিবার থেকেও তার হৃদরোগে আক্রান্ত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তার মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের (২০২৫) ১১ আগস্ট নিজ বাড়ি থেকে আটক হন দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতি। এরপর থেকে তিনি রাজনৈতিক মামলায় পটুয়াখালী জেলা কারাগারে বন্দি ছিলেন।

মানবকণ্ঠ/আরআই