মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ ও চরম উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে মানামাস্থ বাংলাদেশ দূতাবাস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাসের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে সকল প্রবাসীকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। অতি প্রয়োজন ছাড়া এবং নিরাপদ বোধ না করলে ঘর থেকে বাইরে বের না হওয়ার জন্য বিশেষভাবে বলা হয়েছে।
সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রবাসীদের কিছু জরুরি সামগ্রী সবসময় হাতের কাছে রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস। এর মধ্যে রয়েছে— পর্যাপ্ত নগদ অর্থ, বাহরাইনের নাগরিক পরিচয়পত্র (সিপিআর কার্ড), নিয়মিত সেবন করতে হয় এমন প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার এবং মোবাইল চার্জার।
দূতাবাস আরও উল্লেখ করেছে, প্রবাসী বাংলাদেশিদের অবশ্যই বাহরাইন সরকারের জারি করা সকল নির্দেশনা ও সতর্কবার্তা যথাযথভাবে মেনে চলতে হবে। স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চলমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কিত কোনো সংবেদনশীল ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, টিকটক ইত্যাদি) প্রকাশ না করার জন্য কঠোর আহ্বান জানানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাহরাইনের আইনে দণ্ডনীয় অপরাধ।
যেকোনো জরুরি প্রয়োজনে অথবা বিপদে পড়লে প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৩৩৩৩৭৫১৫৫–এ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া mission.manama@mofa.gov.bd ইমেইলের মাধ্যমেও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments