Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে জেরিন আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার সীতাকুণ্ড পৌরসদরের ইকো পার্কের পশ্চিম পাশে সরকারি পুনর্বাসন এলাকার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত জেরিন আক্তার সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেম নগর এলাকার আবুল কালামের মেয়ে এবং পুনর্বাসন এলাকার বাসিন্দা ফারুকের স্ত্রী। জেরিনের মাত্র তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফারুকের সাথে জেরিনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর ফারুকের মাদকাসক্তির বিষয়টি জানাজানি হয়। নেশার টাকার জন্য সে নিয়মিত জেরিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। সোমবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে জেরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

জেরিনের স্বজনদের অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় ফারুক তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর