ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে আসা চারজনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। আটককৃতদের মধ্যে তিন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের দিক থেকে ৩০-৪০ জনের একটি মিছিল ৩২ নম্বর অভিমুখে আসছিল। মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে এবং ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গ্রেপ্তারকৃতরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় তাদের মধ্য থেকে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে তিন জন নারী ও একজন পুরুষ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।"
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবর্তিত বাস্তবতায় এ বছর ৭ মার্চ পালনে কোনো রাষ্ট্রীয় কর্মসূচি ছিল না। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নেয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments