রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পাটের গুদামসহ অন্তত ২১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৫০০ মণ পাট, একটি তুলার মিল, গ্যাস সিলিন্ডার, কাপড় ও মুদি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
সোমবার (৯ মার্চ) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য; সোহেল রানা, মাহফুজুর রহমান ও নুর আমিন ইমন আহত হয়েছেন। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, বাজারে কোনো পানির পাম্পের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে।
পাট ব্যবসায়ী মিলন সিকদার বলেন, “আমার গুদামেই ২০০ মণের বেশি পাট ছিল, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। সব পুড়ে গেছে।”
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, পাটের গুদামের পাশে থাকা তুলার মিল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশে কোনো পুকুর না থাকায় দূরের দুটি পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর কাজ করা হয়েছে।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।”




Comments