ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, “গণতান্ত্রিক সরকার যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হচ্ছে। আমরা জনগণের দেওয়া অঙ্গীকার পূরণে কাজ করে যাচ্ছি।”
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন খাড়াকান্দি ছানার ঘাট এলাকায় নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, “একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছি। আমাদের সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে আগামী ১৬ মার্চ কেরানীগঞ্জে দুটি বড় খাল খনন কাজের উদ্বোধন করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত নদী তীর সংরক্ষণ প্রকল্পের প্রযুক্তিগত ও বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, এই প্রকল্পের ফলে ভাঙন রোধ হবে এবং নদীপাড়ের মানুষের জানমাল রক্ষা পাবে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, বিআরডিবি পরিচালক মোহাম্মদ সেলিম এবং স্থানীয় বিভিন্ন গ্রামের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments