Image description

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপি। বর্তমানে তাঁর মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত তাঁর প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে শারীরিক জটিলতা বিবেচনায় এরপরই দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু করা হয়, যা শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে ওই রাতেই তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয় দফার অস্ত্রোপচার এবং প্রাথমিক পুনর্বাসন কিছুটা সফল হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্থানান্তর করা হতে পারে। এ লক্ষ্যে পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সসহ রোগী পরিবহনের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করে রাখা হয়েছে।

এদিকে প্রবীণ এই রাজনীতিবিদের গুরুতর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য রাজনৈতিক নেতারা। তাঁরা চিকিৎসকদের কাছে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় তাঁর পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই