নওগাঁর বদলগাছীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি বিশাল আমগাছ ভেঙে আনসার ক্যাম্পের ভবনের ওপর পড়লে দুই আনসার সদস্য আহত হয়েছেন। গত রোববার (১৫ মার্চ) রাতে উপজেলা আনসার ক্যাম্প প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে। এতে ক্যাম্পের আসবাবপত্র ও খাদ্যসামগ্রীসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্যাম্প সূত্রে জানা গেছে, রোববার রাতে আকস্মিক ঝড়ে ক্যাম্প প্রাঙ্গণে থাকা বহু বছরের পুরোনো একটি বিশাল আমগাছ উপড়ে টিনশেড ভবনের ওপর আছড়ে পড়ে। এতে ভবনের টিনের ছাদ ও দেয়ালের একটি অংশ ধসে যায়। ঘটনার সময় ভেতরে থাকা আসবাবপত্র, প্রায় ১২ মণ চাল, পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। গাছচাপায় ভেতরে দায়িত্ব পালনরত দুই আনসার সদস্য আহত হলে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান।
আহত আনসার সদস্য মিনহাজ জানান, "ঝড়-বৃষ্টি শুরু হলে হঠাৎ বিকট শব্দে গাছটি আমাদের রুমের ওপর ভেঙে পড়ে। আমরা কিছু বুঝে ওঠার আগেই দেয়াল ধসে পড়ে এবং আমাদের দুজন সদস্য আহত হন।"
ক্যাম্প ইনচার্জ কামাল হোসেন বলেন, "আল্লাহ আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছেন। তবে আমাদের দীর্ঘদিনের দাবি, রাতে থাকার জন্য একটি মানসম্মত ও নিরাপদ আবাসিক ভবন নির্মাণ করা হোক।"
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, "ঝড়ে আনসার ক্যাম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুই সদস্য আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান করা হবে।"
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে এবং সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments