কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য (কুষ্টিয়া-৪) মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগীপাড়ায় এ ঘটনা ঘটে। এতে ওসির ব্যবহৃত গাড়িটির সামনের গ্লাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৪ আসনের এমপি ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. আফজাল হোসেনের দুই চাচাতো ভাই আনোয়ার ও শিপলুর মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরে এমপির সঙ্গে আনোয়ারের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে এমপির ফোন পেয়ে কুমারখালী থানার ওসি মো. জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই এমপির চাচাতো ভাই আনোয়ার, শিপলু ও তাদের লোকজন পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ শুরু করেন। এলোপাতাড়ি পাথরের আঘাতে ওসির গাড়ির সামনের গ্লাসটি ভেঙে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
কুমারখালী থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, ‘এমপির স্বজনদের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে আমরা হামলার মুখে পড়ি। উভয়পক্ষের লোকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে, এতে গাড়ির কাঁচ ভেঙে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
এ বিষয়ে সংসদ সদস্য আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার মুখপাত্র ও ভাতিজা অ্যাডভোকেট রবিউল ইসলাম দাবি করেন, ঘটনার সময় এমপি বাড়িতে ছিলেন না। উত্তেজনা সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তারাও চেষ্টা করছেন।
বর্তমানে কুমারখালী থানা এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments