Image description

ঢাকা থেকে বান্দরবানগামী সৌদিয়া পরিবহনের একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেছে। এতে অন্তত ২০ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসের সুপারভাইজারসহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই বাসের ভেতর আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধারের জন্য সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ঘোষণার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযানে যোগ দেয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, "আমরা খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যাই। বাসের ভেতর থেকে অনেক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বাসটিতে থাকা অধিকাংশ যাত্রীই কমবেশি আঘাত পেয়েছেন। তবে বাসের সুপারভাইজারসহ ৫ জনকে খুব গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে।"

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে গণমাধ্যমকে জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন। তারা সবাই ঢাকা থেকে বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে আসছিলেন। দুর্ঘটনায় ১৫ থেকে ২০ জন পর্যটক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

বর্তমানে আহতরা বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

মানবকণ্ঠ/ডিআর