বদলগাছীতে সড়কের পাশ থেকে ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
নওগাঁর বদলগাছী উপজেলায় এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আধাইপুর-বৈকুণ্ঠপুর সড়কের জিয়া শিমুলিয়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে তার ব্যবহৃত ভ্যানটি অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
নিহত ভ্যানচালকের নাম মিঠু হোসেন (৪০)। তিনি আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু পেশায় একজন ভ্যানচালক ছিলেন এবং প্রতিদিনের মতো গত রাতেও ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে আধাইপুর-বৈকুণ্ঠপুর সড়কের জিয়া শিমুলিয়া নামক স্থানে একটি ভ্যান লাইট জ্বালানো অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। কাছে গিয়ে তারা মিঠুর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। তবে তার ব্যবহৃত ভ্যানটি ছিনতাই না হওয়ায় এটি নিছক ছিনতাই নাকি ব্যক্তিগত কোনো শত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
এদিকে, ব্যস্ত সড়কের পাশে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে রাতে সড়কগুলোতে পুলিশি টহল ও নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments