গাজীপুরে উল্টো পথে আসা মাইক্রোবাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২ শিশু
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় উল্টো পথে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় তিশা হাওলাদার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা দুই শিশু আহত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা সিটি বাইপাস সড়কের মীরের বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিশা হাওলাদার মহানগরীর করমতলা এলাকার আরিফ দেওয়ানের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় একটি স্কুল থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিশা। মীরের বাজার রেলক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি হাইএস মাইক্রোবাস নিয়ম ভেঙে উল্টো পথে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই শিশু আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পরপরই চালক মাইক্রোবাসটি ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments