Image description

জামালপুরের মাদারগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকির ওই এলাকার মামুনুর রশিদ ওরফে হযরত আলী ফকিরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাড়ির পাশের জমিতে বাবার সঙ্গে সেচ দিতে যান জাকির। সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, "বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।"

মানবকণ্ঠ/ডিআর