Image description

চুয়াডাঙ্গার জীবননগরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অশোভন আচরণের দায়ে সিফাত হোসেন (২০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জীবননগর পৌর শহরের ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত সিফাত হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সিফাত হোসেন জীবননগর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এসময় তিনি পাম্পে অহেতুক বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে সেখানে উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিনের সাথেও ওই যুবক চরম অশোভন আচরণ করেন।

তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আদেশের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত যুবক সিফাত হোসেনকে সোমবার বিকেলেই চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর