চট্টগ্রাম ও ফেনীতে অভিযান চালিয়ে ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ
চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সরকারি জমি ও ফুটপাত দখলের বিরুদ্ধে বড় ধরনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল জব্দ, ১২ একর সরকারি জমি উদ্ধার এবং ৯টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে সংশ্লিষ্টদের ৪ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (১২ এপ্রিল) দিনব্যাপী র্যাবের উদ্যোগে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিপিসি এবং বিএসটিআইয়ের সমন্বয়ে এই সমন্বিত অভিযান চালানো হয়।
র্যাব জানায়, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে ভোজ্যতেল ও জ্বালানি তেল (অকটেন, ডিজেল ও ফার্নেস অয়েল) অবৈধভাবে মজুত করছে—এমন তথ্যের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে লাইসেন্সের মেয়াদ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে তেল মজুত, জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য রাখা এবং ওজন যন্ত্রে কারচুপির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পণ্যের মেয়াদ না থাকা এবং ভুয়া সিল ব্যবহারের অপরাধে আরও ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া লাইসেন্স ছাড়া অপরিশোধিত ফার্নেস অয়েল আমদানি ও মজুত করার অপরাধে একটি প্রতিষ্ঠান থেকে ৪৮ হাজার ৫০০ লিটার তেল জব্দ করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, অভিযানে সরকারি জমি ও ফুটপাত দখলের দায়ে অতিরিক্ত ৫৪ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ১২ একর জমি দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments