Image description

ভোলার চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশার বদলিজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে চরফ্যাশন অফিসার্স ক্লাবের আয়োজনে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ওসি জাহাঙ্গীর বাদশাকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা তার কর্মদক্ষতা, সততা এবং জনবান্ধব পুলিশিংয়ের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, জাহাঙ্গীর বাদশা কেবল একজন সরকারি কর্মকর্তাই ছিলেন না, বরং বিপদে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে চরফ্যাশন থানায় যোগদান করেন ওসি জাহাঙ্গীর বাদশা। মাত্র চার মাসের স্বল্প সময়ে তিনি তার পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে চরফ্যাশনবাসীর মন জয় করে নেন। তার নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সেবামূলক কার্যক্রমে গতিশীলতা ফিরে এসেছিল।

হঠাৎ এই বদলির খবরে সাধারণ মানুষের মাঝেও আবেগঘন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিদায় বেলায় স্থানীয়রা বলেন, এমন একজন সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তাকে চরফ্যাশনের মানুষ দীর্ঘকাল স্মরণে রাখবে।

মানবকণ্ঠ/ডিআর