কুমিল্লার লাকসাম উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর ব্রিজ এলাকা থেকে হামিরাবাগ হয়ে ডাকাতিয়া নদীর সাথে সংযুক্ত ‘খৈয়াখালী’ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, বিরামপুর ব্রিজ থেকে হামিরাবাগ পর্যন্ত বিস্তৃত এই ১২ কিলোমিটার খালের পুনঃখনন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে প্রতিদিন প্রায় ১ হাজার ৭১ জন শ্রমিক এই উন্নয়নমূলক কাজে নিয়োজিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে এবং দেশের উন্নয়নে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আজকের এই খাল খনন কার্যক্রম প্রমাণ করে যে বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। এই খালটি খননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন বহুগুণ বেড়ে যাবে।”
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে হবে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে।” তিনি স্থানীয় জনগণকে এই উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান এবং পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খালগুলোও পুনঃখনন করা হবে বলে আশ্বস্ত করেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহমেদ উল্ল্যাহ সবুজ, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মদ, পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments